ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, তারা একটি দুর্নীতিমুক্ত ও কোরআন–সুন্নাহভিত্তিক সমাজ গঠন করতে চান, যেখানে প্রতিটি নাগরিক ন্যায্য অধিকার পাবে এবং জনগণের একটি টাকাও আত্মসাৎ হবে না।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার সদর রোড এলাকায় হাতপাখা প্রতীকের সমর্থনে আয়োজিত গণসংযোগ ও নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করীম বরিশাল সদর ও বাকেরগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী।
তিনি বলেন, যারা চাঁদাবাজির রাজনীতি করে এবং শরিয়াহভিত্তিক ন্যায়বিচার চায় না, জনগণ ইতোমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
ভোটারদের উদ্দেশে মুফতি ফয়জুল করীম বলেন, “১২ ফেব্রুয়ারি আপনারা আমাকে বিজয়ী করলে ১৩ তারিখ থেকে দরজা খোলা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। আমি নির্বাচিত হলে আমার এলাকায় কোনো মিথ্যা মামলা থাকবে না, কেউ জুলুমের শিকার হবে না—ইনশাআল্লাহ।”
পথসভা শেষে তিনি বাকেরগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় হাতপাখা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সমর্থন চান। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক ফয়জুল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন সকালে বরিশাল নগরীর নুরিয়া স্কুল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেন মুফতি ফয়জুল করীম। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তিনি তাদের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।