মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধিঃ
কৃষির আধুনিকায়ণ, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষ্যে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহায়তায় এবং মেহেরপুরের গাংনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।
এ উপলক্ষ্যে আজ ২৬ জানুয়ারি উপজেলা চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
গাংনী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সনজীব মৃধা ও মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মতিয়র রহমান। প্রধান অতিথী মেলোর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যক্তাদেরকে ধন্যবাদ জানান।
মেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রায় দুই শতাধিক কৃষক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
মেলায় ১৪টি স্টলে আধুনিক কৃষির বিভিন্ন উপাদান প্রদর্শন করা হয়েছে। কৃষির আধুনিক যন্ত্রপাতিসহ, উন্নত কলা-কৌশল এবং নতুন প্রযুক্তির সঙ্গে সকলকে পরিচিত করার লক্ষ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই প্রচেষ্টা।
বর্তমান প্রজন্মকে কৃষির প্রতি আকৃষ্ট করতে তিন দিনের মেলায় বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে কৃষি বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা।
কৃষির বিভিন্ন খাতে অবদান রাখা কৃষি উদ্যোক্তাদেরও অংশগ্রহণ রয়েছে এই কৃষি প্রযুক্তি মেলায়। মেলা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে কৃষি অফিস সুত্র জানিয়েছেন।।