মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুর ঢালে টোল প্লাজার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পিকআপ চালক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকামুখী একটি মুরগীবাহী পিকআপের পেছনে দ্রুতগতির একটি অজ্ঞাত বাস ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার সময় পিকআপটির চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। পিকআপে থাকা অপর একজন গুরুতর আহত হন। খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দ্রুতগতির একটি বাস পিকআপটির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসটি দ্রুত স্থান ত্যাগ করে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
নিহত পিকআপ চালকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।