মুন্সিগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ–২ আসনে বিএনপির নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাঁচগাও ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার দশত্তর বালুর মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই দেশের মানুষ তাদের হারানো অধিকার ফিরে পাবে।
পাঁচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাইয়ুম ফকিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন মোল্লা, আক্তার হোসেন লাকরিয়া ও মনিরুজ্জামান মনির।
এছাড়া জেলা কৃষকদলের সদস্য সচিব মো. শহীদ মজুমদারসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে বিজয়ী করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। তারা বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।
জনসভায় পাঁচগাও ইউনিয়নসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।