সাইফুল ইসলাম, কলাপাড়া প্রতিনিধি:
ভাগ্নের বিয়েতে যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের শাহজালাল চৌকিদার।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটা–কলাপাড়া মহাসড়কের হলুদিবাড়িয়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহজালাল চৌকিদার কুয়াকাটা থেকে মোটরসাইকেল যোগে ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে হলুদিবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মোটরসাইকেলসহ বাসের নিচে পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণেই এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন,খবর পেয়ে কলাপাড়া থেকে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
অভিযুক্ত কাউকে এখনো আটক করা যায়নি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন মর্মান্তিক এই দুর্ঘটনায় শাহজালাল চৌকিদারের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।