মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দিঘীরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে দিঘীরপাড় বাজার থেকে ধানের শীষ প্রতীকের প্রচারণা মিছিল নিয়ে কামারখাড়া বাজার এলাকায় প্রবেশ করলে প্রথম দফার সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।
এরপর দুপুর ১টার দিকে দিঘীরপাড় বাজার এলাকায় দ্বিতীয় দফায় আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় হাতাহাতি ও ধাওয়ার ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতির অবনতি ঘটলে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
সংঘর্ষে আহতদের সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টঙ্গিবাড়ী থানার পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।