সজিব রেজা, দিনাজপুর:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও বিদ্বেষমূলক তথ্য ছড়ানোর অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম গোলাম মোস্তফা (৩৪)।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সাইবার নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, অভিযুক্ত গোলাম মোস্তফা মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ফেসবুকে অশ্লীল, সহিংসতা উসকানিমূলক, ঘৃণামূলক ও বিদ্বেষপূর্ণ তথ্য প্রচার করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। বিষয়টি নজরে এলে স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা পুলিশকে অবহিত করেন।
এরপর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকার সোমা স্টুডিওর সামনে থেকে তাকে আটক করে।
ওসি আরও জানান, এ ঘটনায় গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী উপজেলা ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু। অভিযুক্ত গোলাম মোস্তফা হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি আব্দুল মালেকের ছেলে।