নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট সংযোগ লাইন মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে আবু বক্কর (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মুনসেফেরচর (ইটাখোলা) এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুতের খুটি থেকে মরদেহ নামিয়ে থানায় নিয়ে যায়।
নিহত আবু বক্কর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের ইসমাইলের ছেলে এবং উপজেলার ইটাখোলা এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদানকারী আইপি কমিউনিকেশনের লাইনম্যান হিসেবে কাজ করতেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আইপি কমিউনিকেশনের লাইনে সমস্যা হলে আবু বক্কর লাইন মেরামতের জন্য বিদ্যুতের খুটিতে উঠেন। আকষ্মিক বিদ্যুতের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় এবং খুঁটিতেই তার মরদেব ঝুলে থাকে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে বিদ্যুতের খুঁটি থেকে মরদেহ নিচে নামায়।
শিবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইফল ইসলাম জানান, দুপুরের দিকে বিদ্যুতের খুঁটিতে তারে জড়িয়ে একজনের মৃত্যু হয়। পুলিশের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: মেহেদী হাসান বলেন, বিদ্যুতের খুঁটিতে একজনের মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ নামিয়ে থানায় নিয়ে আসে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।