মঈন উদ্দীন, বান্দরবান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য জেলা বান্দরবান ৩০০ নং আসনে প্রতিদ্বন্দ্বী চারজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
বুধবার (২১জানুয়ারি ২০২৬) সকালে বান্দরবান জেলা রিটেনিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এর প্রতীক বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা শামিমা আরা রিনি বান্দরবান ৩০০ নং আসনের মোট চারজন প্রার্থীর হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী এস এম সুজা উদ্দিন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহর পক্ষে তাঁর প্রতিনিধির হাতে লাঙ্গল প্রতীক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের শুরুতে রিটার্নিং কর্মকর্তা শামিমা আরা রিনি অংশগ্রহণকারী প্রার্থী ও তাঁদের অনুসারীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধির বিভিন্ন দিক স্পষ্টভাবে তুলে ধরেন। একই সঙ্গে তিনি সুশৃঙ্খল পরিবেশে, আইন ও বিধি অনুযায়ী নির্বাচন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সবাইকে সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।