মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসন (শাহজাদপুর) থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সহকারী অধ্যাপক মিজানুর রহমান।
২০ শে জানুয়ারি মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে প্রার্থিতা তুলে নেন।
দলীয় সূত্রে জানা গেছে, শাহজাদপুর আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটের বৃহত্তর স্বার্থে এবং শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজকে সমর্থন দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর এক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে তাঁর বক্তব্যে সিরাজগঞ্জ-৬ আসনের সাধারণ মানুষের আবেগ ও আর্তনাদের বিষয়টি বিশেষভাবে উঠে আসে।
ধারণা করা হচ্ছে, ওই অঞ্চলের নেতাকর্মী ও সমর্থকদের বড় একটি অংশ তাঁকে নির্বাচনে দেখতে চেয়েছিলেন।
তিনি বলেন, “প্রিয় সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর-এনায়েতপুরের ভাই ও বোনেরা, আমরা আপনাদের বুকফাটা আর্তনাদ, চোখের পানি ও আবেগের প্রতিদান দিতে পারলাম না। মহান রবই কেবল আপনাদের উত্তম প্রতিদান দিতে পারেন। আগামীর ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের এই ত্যাগ স্বীকার করতে হবে।”
সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে এই জামায়াত নেতা পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২১৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দেন।
তিনি বলেন, “হতে পারে তোমরা এমন কিছুকে অপছন্দ করছ, যা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে এমন কিছুকে ভালোবাসছ যা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জান না।”
তিনি আরও বলেন, “আপনাদের সকলের আবেগ, অনুভূতি, আর্তনাদ, মতামত ও দোয়ার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসা রইল।”
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হয়েছে। এখন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।