নেত্রকোনা প্রতিনিধি :
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। ফ্যাসিবাদ হচ্ছে দুর্বৃত্তায়ন। বিগত সময়ে সমাজের দুর্বৃত্তরা জনগণের প্রতিনিধিত্ব করেছে। জাতীয় সংসদে গিয়ে তারা বৈষম্য সৃষ্টি করেছে। বৈষম্যের কারণে মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক ধনী থেকে ধনী হয়েছে। আর অধিকাংশ লোক দরিদ্র থেকে আরও দরিদ্র হয়েছে। রাষ্ট্রের মালিক আপনারা। আপনাদের মালিকানা ফেরত দেওয়ার জন্য এ গণভোট। দুর্বৃত্ত জনপ্রতিনিধি মুক্ত দেশ গড়তে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হ্যা ভোট দিতে হবে।
সোমবার বিকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরনপুর বাজারে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত লোকসংগীত অনুষ্ঠান ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে আমাদের মধ্যে আগমন হয়েছিল ওসমান হাদীর। তাকে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। সমাজের বৈষম্য দূর করতে ৩৫টি দলের উপস্থিতিতে ৭২টি সভা করে ৮৪টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে। এসব বিষয়ে সংস্কারের জন্য গণভোটের ব্যবস্থা করা হয়েছে। এ গণভোটে মাধ্যমে আমাদের সন্তানদের জন্য বৈষম্যহীন রাষ্ট্র গঠন করছে ১২ ফেব্রুয়ারি সকলেই ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে হ্যা’র পক্ষে ভোট দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম প্রমুখ। পরে সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা করেন তিনি।