মো: হোসেন,মনপুরা প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলায় আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ ‘ফুট পেট্রোলিং’ বা পদযাত্রা টহল পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী।রবিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নৌবাহিনীর কন্টিনজেন্ট এই অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে উপজেলার হাজীরহাট বাজার, হাজীরহাট ঘাট, বাধের হাট এবং মুক্তিযোদ্ধা ভবনের সম্মুখভাগসহ জনগুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই টহল কার্যক্রম চালানো হয়।
এ সময় নৌবাহিনীর সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
অভিযান চলাকালে নৌবাহিনীর কর্মকর্তারা জানান, একটি সুস্থ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা এবং আসন্ন গণভোটে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
একই সঙ্গে মাদক কারবার, ইভটিজিং ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। জননিরাপত্তা রক্ষায় এই বিশেষ টহল নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এদিকে, স্থানীয় বাসিন্দারা নৌবাহিনীর এই বিশেষ তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। সাধারণ মানুষ জানান, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নৌবাহিনীর উপস্থিতির ফলে জনমনে স্বস্তি ফিরেছে।
বিশেষ করে হাট-বাজার ও ঘাট এলাকায় টহল জোরদার হওয়ায় অপরাধীদের তৎপরতা কমে আসবে এবং সাধারণ ভোটাররা আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।
উপজেলার সচেতন মহলের মতে, প্রশাসনের এমন কঠোর অবস্থান বজায় থাকলে একটি অবাধ, সুষ্ঠু ও মাদকমুক্ত মনপুরা গঠন করা সম্ভব হবে।