নরসিংদীর মনোহরদী উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে যথাযথ কাগজপত্র না থাকা এবং কৃষিজমির মাটি ব্যবহার করার অপরাধে উপজেলার ৭টি ইটভাটাকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অদ্য বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পাদন এবং ভবিষ্যতে কৃষিজমির মাটি ব্যবহার না করার অঙ্গীকারে মুচলেকা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী। দিনব্যাপী এ অভিযানে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় উপস্থিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব সমর কৃষ্ণ দাস।
প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।