চুয়াডাঙ্গার জীবননগরে আটক অবস্থায় মো. শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০) মৃত্যুর ঘটনায় অভিযানে নেতৃত্বদানকারী ক্যাম্প কমান্ডারসহ সংশ্লিষ্ট সব সেনাসদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, ১২ জানুয়ারি রাত ১১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী জীবননগর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ওষুধের দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়।
আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে দোকানটিতে তল্লাশি চালিয়ে একটি ৯ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অভিযান শেষে ডাবলু হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইএসপিআর ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করে জানায়, সঠিক কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে সেনা আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।