নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
নিরাপদ সড়ক গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আঃ সামাদ সিয়াম সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম জহির।
কমিটি অনুমোদনের খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নান্দাইল পৌরসভা এলাকায় নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
কমিটি অনুমোদন দেওয়ায় নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এস কে আবু রায়হান আল আমিন এবং সাধারণ সম্পাদক খন্দকাট তালহা জুবায়ের রুমন-এর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে নান্দাইল পৌরসভায় সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার এবং দায়িত্বশীল যাতায়াত ব্যবস্থাপনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়,
“নিরাপদ সড়ক, নিরাপদ জীবন”—এই স্লোগানকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করলে নান্দাইল পৌরসভাকে একটি আদর্শ ও নিরাপদ যাতায়াত ব্যবস্থার মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।