সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সদস্য সচিব ও ১২ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকলের মাধ্যমে মেধাবীদের বঞ্চিত করা হয়েছে।
রোববার দুপুরে রংপুর-৪ আসনের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম (দশগাঁও) হাজী পিয়ার মাহমুদ মাদ্রাসা চত্বরে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
আখতার হোসেন বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে নকলের ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যা প্রশ্নফাঁসের প্রমাণ। তবে অনেকেই প্রশ্নপত্র পেয়েও আইনের আওতার বাইরে রয়ে গেছে। এতে প্রকৃত মেধাবীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশ্নফাঁসের সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও পরীক্ষা বহাল রাখা মেধার প্রতি অবিচার বলেও মন্তব্য করেন তিনি।
২৪-এর গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তখন ‘কোটা না মেধা’—এই দাবিতেই আন্দোলন হয়েছিল। অথচ এই নিয়োগ প্রক্রিয়া মেধাভিত্তিক নয় বলে অভিযোগ করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং প্রশ্নফাঁসমুক্ত, দুর্নীতিমুক্ত ও নকলমুক্ত পরিবেশে নতুন করে নিয়োগ পরীক্ষা আয়োজন করতে হবে।
সভায় রংপুর জেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।