মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে গেছে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ মালামাল পুড়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে টংগিবাড়ী থানাধীন কাইচ মালধা গ্রামের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাইচ মালধা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম ফজরের নামাজের আজান দেওয়ার জন্য মসজিদে যাওয়ার সময় আলী হোসেনের রান্নাঘরে আগুন জ্বলতে দেখেন।
তাৎক্ষণিক তিনি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করেন। পরে বাড়ির মালিকসহ আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং টংগিবাড়ী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।
খবর পেয়ে টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে সিরাজদিখান ফায়ার সার্ভিসকে সহায়তার জন্য ডাকা হয়। দুই উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো—
আলী হোসেন (৪০), জামাল হাওলাদার (৫০), শাহ আলম হাওলাদার (৬০), শাহান শাহ্ হাওলাদার (৪৮), কাইয়ুম হাওলাদার (৬০) ও আমান হোসেন (৪৫)। তারা সবাই কাইচ মালধা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ছয়টি বসতঘর ও ঘরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফায়ার সার্ভিস ও পুলিশ আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করেছে।