মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি–২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক পর্যায়ে সাধারণ ও ট্যালেন্টপুল বিভাগে বৃত্তিপ্রাপ্ত মোট ১৪৬ জন শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে সনদপত্র, সম্মাননা স্মারক এবং নগদ আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজিবুর রহমান সরদার, সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুন্সি সিরাজুল হক, কর্পোরেট প্রশিক্ষক ও আবেগিক বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ অধ্যাপক এস.এম. আরিফুজ্জামান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মারুফা আক্তার এবং মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা। তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে উৎসাহ দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় আমাদের রয়েছে।”
উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর মুন্সিগঞ্জ জেলার ছয়টি উপজেলায় একযোগে টানা চতুর্থবারের মতো এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মজিবুর টিম্বার অ্যান্ড স’মিল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ পরীক্ষায় জেলার ১৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম থেকে দশম শ্রেণির ১,৯৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।