মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
ভোলা জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সচেতন নাগরিকরা। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কার্যকর কোনো অগ্রগতি না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেন।
শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ভোলা জেলা প্রেস ক্লাবে ভোলা জেলার সচেতন নাগরিক ও ভোলা জেলা ছাত্র সমাজের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তারা সরকারের নিকট ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান এবং দীর্ঘসূত্রতার অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মুন্সীগঞ্জে একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমোদন দেওয়া হলেও ভোলার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এতে ভোলাবাসীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
বক্তব্যে আরও উল্লেখ করা হয়, পাঁচ দফা দাবির অংশ হিসেবে ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি দীর্ঘদিন ধরে উত্থাপন করা হচ্ছে। চলতি বছরের ২৮ এপ্রিল স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রয়োজনীয়তা স্বীকার করা হলেও নীতিগত সিদ্ধান্তের কথা বলে বাস্তবায়ন হয়নি।
সংবাদ সম্মেলনে ভোলার ঐতিহাসিক ভূমিকার কথাও তুলে ধরা হয়। বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ মোস্তফা কামালের জন্মস্থান ভোলা এবং ২৪ জুলাইয়ের অভ্যুত্থানে সর্বোচ্চ ৪৮ জন শহীদের জেলা হওয়া সত্ত্বেও ভোলা আজও স্বাস্থ্যসেবায় অবহেলিত।
আশ্বাসের পর পর্যাপ্ত চিকিৎসক, আইসিইউ ও বিশেষায়িত স্বাস্থ্যসেবার ব্যবস্থা করার কথা বলা হলেও প্রায় আট মাস পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়ে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।