মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চরম নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার রাতে ভোলা শহরের একটি পত্রিকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইব্রাহিম খলিল ও তার বাবা মো. জাকির হোসেন প্রতিপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতন, হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেন। একই সঙ্গে অভিযুক্ত বিল্লাল ওরফে লিটনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে বিল্লাল ওরফে লিটনসহ একটি প্রভাবশালী পক্ষ পরিকল্পিতভাবে তাদের পরিবারকে হয়রানি করে আসছে। অভিযোগ করা হয়, প্রভাব ও শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রায় ৬০ শতাংশ জমি জোরপূর্বক দখলে নেওয়া হয়েছে।
তাদের দাবি, একাধিকবার স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিপক্ষ তা মানেনি। বরং বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে।
বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।