মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে একাধিক মামলার পলাতক আসামি শুটার ইয়াসিনকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বাঘড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াসিন পশ্চিম বাঘড়া এলাকার বাসিন্দা ও আনোয়ার হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সিগঞ্জ পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৬ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে বাঘড়া বাজারসংলগ্ন একটি ফার্নিচারের দোকানে প্রকাশ্যে শান্ত রাজবংশী (২৪) নামে এক যুবককে পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করে ইয়াসিন। এ ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিল।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মিনহাজুল আলম জানান, ওই অস্ত্র হামলার মামলার পাশাপাশি ইয়াসিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ আরও একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।