মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তলসহ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি ২০২৬) গভীর রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল শ্রীনগর থানাধীন রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর ফ্যান ফ্যাক্টরির পূর্ব পাশে একটি পরিত্যক্ত জমিতে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিন বোতল ফেন্সিডিল ও সাত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় কারা জড়িত তা শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব নিয়মিতভাবে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অভিযান অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনছে।
এদিকে স্থানীয়রা র্যাবের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত নজরদারি ও কঠোর অভিযানের ফলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে বলে তারা আশাবাদী।