বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা লিল্লাহ বোর্ডিং সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সময় মাগরিবের নামাজ আদায়ের জন্য পার্শ্ববর্তী মসজিদে অবস্থান করায় মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। আগুনে সর্বস্ব পুড়ে গেলেও পবিত্র কোরআন শরিফের হরফ অক্ষত থাকায় এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে।
শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে চরবাড়িয়ার মহাবাজ এলাকায় অবস্থিত মাদিনাতুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই টিনশেড নির্মিত পাঁচ কক্ষের মাদ্রাসা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের থাকার কক্ষ, রান্নাঘর, পাঠদানের সরঞ্জাম, বইপত্র, বিছানাপত্রসহ প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটিতে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে মোট ৩৫ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে পড়াশোনা করছিল। অগ্নিকাণ্ডের সময় শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই পাশের একটি মসজিদে মাগরিবের নামাজে অংশ নিচ্ছিলেন, যা বড় ধরনের প্রাণহানির ঝুঁকি থেকে সবাইকে রক্ষা করেছে।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জহিরুল ইসলাম জানান, নামাজ শেষের দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তারা দেখেন পুরো মাদ্রাসা দাউ দাউ করে জ্বলছে। আগুনের তীব্রতায় কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আল্লাহর রহমতে কেউ ভেতরে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, আগুনে কোরআন শরিফের মলাট পুড়ে গেলেও এর হরফ ও আয়াত অক্ষত রয়েছে, যা উপস্থিত সবাইকে বিস্মিত করেছে।
খবর পেয়ে বরিশাল সদর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, এ অগ্নিকাণ্ডে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা ও দৈনন্দিন খাবার সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। দ্রুত পুনর্বাসন ও সহায়তার জন্য প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।