মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক চর্চার ঘাটতির পর এবার একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী ব্যবস্থার দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন। এমন অভিমত প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।
সোমবার (৫ জানুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান জেলা পুলিশের ব্যবস্থাপনায় পুলিশ লাইন্স প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার তাঁর বক্তব্যে বলেন, একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার ও জিনিয়া চাকমা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলমসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
উল্লেখ্য, একদিনের কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশনার বান্দরবান সফর করেন। সফরকালে তিনি পুলিশ বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। পাশাপাশি জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত ভিজিল্যান্স ও পর্যবেক্ষণ টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় সভায় অংশ নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।