মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত মুন্সিগঞ্জ সদর উপজেলার লিচুতলা ও খালইস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠান এলপি গ্যাস বিক্রির ক্ষেত্রে ক্রয় রশিদ সংরক্ষণ করছে না, সরকার নির্ধারিত মূল্য অমান্য করে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করছে এবং দোকানে মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি।
এ সময় লিচুতলা এলাকায় মা স্যানিটারি নামের প্রতিষ্ঠানের মালিক মো. লুতফর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খালইস্ট এলাকায় মেসার্স হাজী আলী ট্রেডার্সের ম্যানেজার মোহাম্মদ রিফাত এবং আই আর স্যানিটারির ম্যানেজার মো. আব্দুর রহমানকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং ভবিষ্যতে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।