কক্সবাজারের পেকুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ‘পেকুয়া মডেল বিদ্যাপীঠ এন্ড কলেজ’।
শনিবার (৩ জানুয়ারি) সকালে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এই আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহউদ্দিন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ শিক্ষার গুণগত মান ও শিক্ষকদের গুরুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “বর্তমানে আমরা অবকাঠামোগত উন্নয়নকে শিক্ষার মাপকাঠি মনে করি, যা একটি ভুল ধারণা। মনে রাখতে হবে, স্কুল মানে শুধু বড় বড় ঝকঝকে বিল্ডিং নয়; স্কুল মানে হলো ভালো ও আদর্শ শিক্ষক।”
তিনি আরও বলেন, “একটি সুন্দর দালান হয়তো চোখের তৃপ্তি দিতে পারে, কিন্তু একটি সুন্দর ও মেধাভিত্তিক জাতি গঠন করতে পারেন কেবল দক্ষ শিক্ষকরাই। পেকুয়া মডেল বিদ্যাপীঠ এন্ড কলেজ যেন কেবল জিপিএ-৫ পাওয়ার কারখানা না হয়ে মানুষ গড়ার কারখানায় পরিণত হয়, সেই লক্ষ্য নিয়ে আমাদের এগোতে হবে।”
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই প্রতিষ্ঠানটি পেকুয়া তথা উপকূলীয় অঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে একটি মাইলফলক হয়ে থাকবে।
উদ্বোধন শেষে প্রধান অতিথি নবনির্মিত কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।