আবু বক্কর সিদ্দিক, কক্সবাজার উখিয়া প্রতিনিধি
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচার ও সাইবার বুলিং বন্ধ করা গেলে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, “নির্বাচন মানেই প্রতিযোগিতা, তবে সেই প্রতিযোগিতা হওয়া উচিত সুস্থ এবং শালীনতার মধ্যে। বর্তমানে ফেইক আইডি ব্যবহার করে যেভাবে প্রার্থীদের চরিত্র হনন ও সাইবার বুলিং করা হচ্ছে, তা নির্বাচনের পরিবেশকে নষ্ট করে। এই অপপ্রচার বন্ধ করা গেলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে।”
নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে কক্সবাজার জেলা বিএনপির এই সভাপতি বলেন, “প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আমার দীর্ঘদিনের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা যদি পারস্পরিক সম্মান বজায় রেখে নির্বাচনি প্রচার চালাই, তবে দিনশেষে জনগণই লাভবান হবে। তারা উৎসবমুখর পরিবেশে তাদের প্রতিনিধি বেছে নিতে পারবে।”
প্রশাসনের ভূমিকার কথা উল্লেখ করে চারবারের এই সাবেক সংসদ সদস্য বলেন, “আমরা চাই জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসুক।
প্রশাসন যদি শেষ পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করে, তবে উখিয়া-টেকনাফে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা বিএনপির শীর্ষ নেতৃত্বে থাকা শাহজাহান চৌধুরী এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আজ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।