বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রেজা।
শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানস্থ (জিয়া উদ্যান) নেত্রীর মাজারে উপস্থিত হয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত সম্পন্ন করেন।
জিয়ারতকালে অ্যাডভোকেট রেজাউল করিম রেজা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
মোনাজাত শেষে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন সংগ্রামের প্রতীক। তাঁর আদর্শকে বুকে ধারণ করেই আমরা রাজনীতি করি। উখিয়াসহ সারা দেশের মানুষের হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।”
এদিকে, প্রিয় নেত্রীর মাজার জিয়ারতের সংবাদ উখিয়া উপজেলায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়।
উখিয়া বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মীরা একে নেত্রীর প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। স্থানীয় নেতৃবৃন্দের মতে, এই সফর কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও উজ্জীবিত করবে।
জিয়ারত শেষে অ্যাডভোকেট রেজাউল করিম রেজা উপস্থিত নেতাকর্মীদের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং নেত্রীর স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।