রাশিমুল হক রিমন, বরগুনা
বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে জমির গাছ কাটাকে কেন্দ্র করে এক ভাই ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে নজরুল প্যাদা, তার স্ত্রী, ছেলে ও চাচাসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন।
আহত নজরুল প্যাদার অভিযোগ, উত্তর তক্তাবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম প্যাদার তিন ছেলে নান্টু প্যাদা, নজরুল প্যাদা ও হারুন প্যাদার মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ২০২০ সালে স্থানীয়ভাবে ওই জমি তিন ভাইয়ের মধ্যে বণ্টন করে দেওয়া হয়। সে সময় নান্টু ও হারুন প্যাদা তাদের অংশের গাছ বিক্রি করে দিলেও তিনি নিজের জমির গাছ বিক্রি করেননি।
শুক্রবার বেলা ১১টার দিকে নজরুল প্যাদা নিজের জমির গাছ কাটতে গেলে নান্টু ও হারুন প্যাদা এতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে নান্টু ও হারুন প্যাদা এবং তাদের সহযোগীরা নজরুল প্যাদার ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী রিপা বেগম (৩৫), ছেলে তানিম প্যাদা (১৭) ও চাচা মতি প্যাদা (৭০)কেও পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
অন্যদিকে, হারুন প্যাদা মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, “গাছ কাটা নিয়ে শুধু একটু কথা-কাটাকাটি হয়েছে।”
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুম বিল্লাহ জানান, আহতদের হাত, পা ও মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। চারজনকেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার এসআই রমিজ উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।