সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতী সীমান্তে ৬১ বিজিবি এলাকার ৮২৮ এর ১ এস পিলারের মাত্র চার থেকে পাঁচ গজ সামনে বিএসএফ ব্রিজ নির্মাণের চেষ্টা করে। জুম্মার নামাজের সময় সুযোগ বুঝে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধভাবে ব্রিজ নির্মাণের চেষ্টার খবর পাওয়া গেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর বাধায় বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার জুম্মার নামাজের সময় যখন সীমান্ত এলাকা কিছুটা শান্ত ছিল, তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে ধবলসুতী সীমান্তে নির্মাণ সরঞ্জামাদিসহ প্রায় ১০০ জন বিএসএফ সদস্য অবস্থান নেয়। তারা সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় একটি ব্রিজ নির্মাণের পাঁয়তারা শুরু করে। বিষয়টি বিজিবির নজরে এলে তারা দ্রুত পদক্ষেপ নেয় এবং বিএসএফের এই অবৈধ কার্যকলাপে জোরালো বাধা প্রদান করে। বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।
সীমান্তবর্তী বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, বাংলাদেশ যখন আন্তর্জাতিক সীমানা আইন মেনে নিজের ভূখণ্ডে জনগুরুত্বপূর্ণ কোনো রাস্তার কাজ করতে যায়, তখন বিএসএফ প্রায়ই ভিত্তিহীন আপত্তি তুলে কাজ বন্ধ করে দেয়। এর ফলে সীমান্তের অনেক উন্নয়ন কাজ বছরের পর বছর ঝুলে থাকে। অথচ বিএসএফ আইন অমান্য করে জুম্মার নামাজের সময়কে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেরাই ব্রিজ নির্মাণের চেষ্টা করছে।
বর্তমানে ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সদস্যরা সীমান্তে সজাগ অবস্থানে থেকে টহল জোরদার করেছেন। স্থানীয় সচেতন মহল এবং এলাকাবাসী সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কঠোর ও সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন যেন কোনোভাবেই ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কোনো স্থাপনা নির্মাণ করা না হয়।