মুন্সিগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা বিএনপির দুই নেতার মনোনয়নপত্র সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী।
সাময়িকভাবে বাতিল হওয়া প্রার্থীরা হলেন— বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরাফত আলী সপু এবং শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোমিন আলি।
রিটার্নিং অফিসার জানান, দাখিল করা সমর্থনকারী ভোটার তালিকায় মৃত ব্যক্তি ও প্রবাসী ভোটারদের তথ্য অন্তর্ভুক্ত থাকায় সার্বিক পর্যালোচনা শেষে তাদের মনোনয়ন সাময়িকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। তবে আইন অনুযায়ী উভয় প্রার্থীই আপিল করার সুযোগ পাবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যাচাইয়ের সময় মনোনয়নপত্রে উল্লেখ করা সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে ভোটার তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্য ধরা পড়ে। বিশেষ করে প্রয়োজনীয় এক শতাংশ সমর্থনকারী ভোটারের তথ্যের মধ্যে গরমিল থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মুন্সিগঞ্জ-১ আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট সাতজন প্রার্থী মনোনয়ন জমা দেন।
যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ, জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আব্দুর রহমান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রোকেয়া আক্তার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আতিকুর রহমান খানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনি আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের কমপক্ষে এক শতাংশ ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া বাধ্যতামূলক। মুন্সিগঞ্জ-১ আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৫১৮ জন।