বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধায় সারাদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ এসব গায়েবানা জানাজায় অংশ নেন।
বগুড়ায় বিকেল সাড়ে ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। জানাজা শেষে হাজারো মুসল্লি দু’হাত তুলে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন, অনেককে দেখা যায় অশ্রুসিক্ত চোখে প্রিয় নেত্রীকে স্মরণ করতে।
সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত গায়েবানা জানাজায় অংশ নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এতে অংশগ্রহণ করেন।
রাঙ্গামাটিতে ঢাকায় অনুষ্ঠিত জানাজার সরাসরি সম্প্রচার এলইডি টিভির মাধ্যমে প্রদর্শন করা হয়। সেই সম্প্রচারের সঙ্গে মিল রেখে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ গায়েবানা জানাজায় অংশ নেন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে বড় খেলার মাঠে এবং কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাদ জোহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
দেশজুড়ে এসব গায়েবানা জানাজা বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও শোকের গভীরতাই তুলে ধরেছে।