মো. বদরুল আলম,সখীপুর (টাংগাইল) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কৃষক শ্রমিক জনতা লীগ।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সাংবিধানিক অধিকার রক্ষা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম ও ত্যাগ জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
কৃষক শ্রমিক জনতা লীগ মনে করে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি জনগণের অধিকার ও স্বাধীন মতপ্রকাশের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে রাজনীতি করেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
শোকবার্তায় আরও বলা হয়, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে তিনি শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
কৃষক শ্রমিক জনতা লীগ নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনৈতিক অভিভাবককে হারালো। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। দেশের রাজনীতিতে তার অবদান ও স্মৃতি চিরকাল মানুষের হৃদয়ে অম্লান থাকবে।