পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষাপটে বহিষ্কারের আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগপত্র জমা দেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
হাসান মামুন বলেন, “বিএনপির সিদ্ধান্ত পূর্বনির্ধারিত ছিল। আমি আগেই পদত্যাগপত্র জমা দিয়েছি। নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।”
দলীয় সূত্র জানায়, গত ২৮ ডিসেম্বর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর পদত্যাগপত্র জমা দেন। এরপর তিনি মনোনয়নপত্র দাখিল করতে যান।
এরই মধ্যে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে হাসান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, আসনটিতে যুগপৎ আন্দোলনের অংশীদার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে সমঝোতার কারণে বিএনপি নিজস্ব প্রার্থী দেয়নি। তবে সে সিদ্ধান্ত উপেক্ষা করে তৃণমূল নেতাকর্মীদের দাবির মুখে সোমবার পটুয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র জমা দায় ব্যাপক সাড়া ফেলেছে।