মুন্সিগঞ্জ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার ও রোববার পৃথক সময়ে মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা প্রশাসন কার্যালয় এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মুন্সিগঞ্জ-২ (লৌহজং–টংগিবাড়ী) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সোমবার দুপুরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি লৌহজং ও টংগিবাড়ীর সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে মুন্সিগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে তাঁর পক্ষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গজারিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য প্রফেসার একেএম গিয়াস উদ্দিন, মাসুদ ফারুক, বিএনপির নেতা দেওয়ান হারুন-অর রশিদ, জেলা কৃষকদলের আহ্বায়ক ও টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতারা জানান, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার কারণে এলাকায় কামরুজ্জামান রতনের গ্রহণযোগ্যতা রয়েছে এবং তাঁর প্রার্থী হওয়ায় মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হয়েছে।
এদিকে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নূরমহল আশরাফীর হাতে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিল শেষে শেখ মো. আব্দুল্লাহ বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলেছে। তিনি আশা প্রকাশ করেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবেন। মুন্সিগঞ্জ-১ আসনের জনগণ তাঁকে নির্বাচিত করলে সংসদে জনগণের অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখবেন বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরণ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস ও আব্দুল বাতেন খান শামীমসহ দলের নেতাকর্মীরা।
দলীয় সূত্র জানায়, মনোনয়নপত্র দাখিল শেষে শিগগিরই মুন্সিগঞ্জ জেলার তিন আসনেই বিএনপির নির্বাচনী কর্মসূচি ও গণসংযোগ কার্যক্রম শুরু করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের এই আসনগুলোতে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।