মো: হোসেন, মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন—দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মোস্তফা এবং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলাল মেকার।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় মনপুরা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নিজ নিজ এলাকা থেকে ওই দুই নেতাকে আটক করা হয়।
পরদিন রোববার দুপুর ১টার দিকে পুলিশের ওপর হামলার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক দুজনকেই ভোলা জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতের নির্দেশ দেন।
এ ঘটনায় স্থানীয় এলাকায় নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।