মুন্সিগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করতে সারাদেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে মুন্সিগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ যাত্রা শুরু করেছে।
আজ ২৮ ডিসেম্বর (রবিবার) সকাল ৯টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত সুপার ক্যারাভানটি মুন্সিগঞ্জ সদর উপজেলার শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থান করে। এ সময় নির্বাচন ও গণভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রচারের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। উদ্বোধনী বক্তব্যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জুলাই যোদ্ধা ও স্থানীয় সর্বস্তরের জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, সুপার ক্যারাভানটি আগামী ২৯ ডিসেম্বর গজারিয়া, টংগিবাড়ী ও লৌহজং উপজেলায় প্রচারণা কার্যক্রম পরিচালনা করবে। পরদিন ৩০ ডিসেম্বর শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় প্রচারণার মধ্য দিয়ে মুন্সিগঞ্জ জেলার কর্মসূচি শেষ হবে।
এই প্রচারণার মাধ্যমে নির্বাচন ও গণভোট বিষয়ে জনসাধারণের মধ্যে ইতিবাচক সচেতনতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।