কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চাকমা সম্প্রদায়ের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২৮ অক্টোবর) ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তেলখোলা এলাকায় সংগঠনের ইউনিয়ন শাখার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শীত মৌসুমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন জামায়াতের আমীর আবুল আলা রুমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল আলা রুমান বলেন, “মানবতার সেবাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের প্রকৃত শিক্ষা।
শীত মৌসুমে পাহাড়ি জনপদে বসবাসরত চাকমা সম্প্রদায়ের ভাই-বোনেরা যাতে কষ্ট না পায়, সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় দেশের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
আগামীতেও ইনশাআল্লাহ যেকোনো দুর্যোগ ও সংকটে আমরা সাধারণ মানুষের পাশে থাকব।”
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত চাকমা সম্প্রদায়ের উপকারভোগীরা শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয় সচেতন মহল জামায়াতের এই অসাম্প্রদায়িক ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।