ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগরের নিউমার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ হাদির হত্যার ঘটনার কয়েক সপ্তাহ অতিক্রান্ত হলেও এখনো মূল আসামিদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই। তারা অভিযোগ করেন, প্রশাসনের এই নীরবতা ও নিষ্ক্রিয়তা অত্যন্ত হতাশাজনক। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যে সরকার একটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ, তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করাও কঠিন হবে।
অবস্থান কর্মসূচিতে অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন সংগঠনের নেতারা।
বক্তারা আরও বলেন, আজাদির লড়াইয়ে শহীদ হাদি একটি অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে কোনো আধিপত্যবাদী শক্তির করদ রাজ্যে পরিণত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। তিন সপ্তাহ পেরিয়েও মূল আসামিদের গ্রেপ্তার না হওয়াকে সরকারের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে তারা জানান, সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে।