মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ছয়জন যাত্রী আহত হয়েছেন। তবে সময়মতো উদ্ধার তৎপরতায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতের ঘন কুয়াশার কারণে সামনে চলমান ট্রাকটি ঠিকভাবে দেখতে না পেয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি হঠাৎ থেমে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর বাসের ভেতরে প্রায় ৫০ জন যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। আহতদের মধ্যে নিয়ামত (২২), ইয়াছিন (১৯), হায়দার আলী (৪৫), আমেদ মিয়া (৬৫), জুলেখা আক্তার (৩৯) ও রেজবি মিয়া (৪২) রয়েছেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করায় সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।