মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর অংশ হিসেবে ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ-এর যৌথ অভিযানে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন (৬৩) গ্রেফতার হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত আনুমানিক ২টায় কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানার গাজিপুর রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা থেকে মো. ইকবাল হোসেনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, গ্রেফতার ব্যক্তি নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় নেতাকর্মী। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।