ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. মহিউদ্দিন। তিনি মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এবং সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও উপমন্ত্রী আলহাজ্ব আব্দুল হাইয়ের ছোট ভাই।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে সকাল থেকেই মুন্সিগঞ্জ জেলা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বেলা ১১টার পর থেকে মুন্সিগঞ্জ পৌরসভা, মিরকাদিম পৌরসভা, সদর উপজেলা ও গজারিয়া উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জড়ো হন। এ সময় “মহিউদ্দিন ভাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
দলীয় সূত্র জানায়, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও স্লোগানে মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনাটি একটি বড় রাজনৈতিক শক্তি প্রদর্শনে রূপ নেয়। এতে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক তৎপরতা ও নির্বাচনী প্রস্তুতির স্পষ্ট বার্তা পাওয়া গেছে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান ফকির, আলহাজ্ব মো. মজিবুর রহমান, কাজী আবু সুফিয়ান বিপ্লব, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, মুন্সিগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন,
গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিক, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান দেওয়ান (মনা), পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম জসিম এবং গজারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওহিদুজ্জামানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মো. মহিউদ্দিন বলেন, “দলের নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে মুন্সিগঞ্জ-৩ আসনের মানুষের অধিকার ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মুন্সিগঞ্জের বিভিন্ন আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে মুন্সিগঞ্জ-৩ আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হয়ে উঠল।