মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক কৃষকের জমিতে স্বেচ্ছায় আলু রোপণ করে কৃষকের পাশে দাঁড়ালেন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামের কৃষক আবুল হাশেম খানের জমিতে নিজ হাতে আলু রোপণ করেন তিনি। এ সময় তার সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন। কৃষকের প্রায় ২২ গন্ডা জমিতে আলু রোপণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
হঠাৎ করে সংসদ সদস্য প্রার্থীকে নিজের জমিতে এসে আলু রোপণ করতে দেখে আনন্দ প্রকাশ করেন কৃষক আবুল হাশেম খান। তিনি বলেন, একজন জাতীয় সংসদ সদস্য প্রার্থী নিজে এসে কৃষকের পাশে দাঁড়াবেন—এটা আমার কল্পনার বাইরে ছিল। এতে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি।
এ বিষয়ে বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, দেশের অর্থনীতির ভিত্তি হলো কৃষি এবং কৃষকরাই এর মূল চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন কার্যক্রমে পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। বিএনপি সবসময় কৃষিবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে এবং ভবিষ্যতেও কৃষকের স্বার্থ রক্ষায় কাজ করবে।