বিএনপি প্রার্থীর বক্তব্য চলাকালে ‘ভুয়া ভুয়া’ স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল। ঘটনাটি ঘটেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি আলোচনা সভায়।
সোমবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করেন অনুষ্ঠানের সঞ্চালক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম। নাম ঘোষণার পর বক্তব্য শুরু করতেই হলরুমজুড়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান ওঠে, এতে সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রস্তুতি সভায় উপস্থিত কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, কুমিল্লা সদর–৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে ওই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মনোনয়নবঞ্চিত ইয়াছিনের সমর্থকরা মনিরুল হক চৌধুরীর বক্তব্যের শুরুতেই স্লোগান দিতে থাকেন বলে দাবি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, অনুষ্ঠানের শুরুতে ব্যানারে আমিনুর রশিদ ইয়াছিনের নাম অন্তর্ভুক্ত ছিল না। পরে সমালোচনার মুখে ব্যানারে তাকে প্রধান বক্তা হিসেবে যুক্ত করা হয়। তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে কুমিল্লা সদর আসনে মামলা, হামলা ও আন্দোলনের সময় ইয়াছিন নেতাকর্মীদের পাশে ছিলেন। তাকে মনোনয়ন না দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান দেশে ফিরবেন। এদিন ঢাকায় জনতার ঢল নামবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
স্লোগান ও উত্তেজনার বিষয়ে সভাপতির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা–৮ আসনের বিএনপি প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ধানের শীষ প্রতীক চূড়ান্ত করেছে এবং তারেক রহমানের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তিনি বলেন, সভায় সৃষ্ট পরিস্থিতি কাম্য ছিল না। প্রতিযোগিতা থাকবে, তবে শেষ পর্যন্ত সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা–৫ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিন, কুমিল্লা–১১ আসনের প্রার্থী কামরুল হুদা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, হেনা আলাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।