আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদে যাওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে আসন সমঝোতায় পৌঁছেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সমঝোতার অংশ হিসেবে পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান নির্বাচনে অংশ নেবেন।
জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে দুই দলের মধ্যে এ সমঝোতা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। তবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী গণ অধিকার পরিষদের প্রার্থীরা নিজ দলের প্রতীক ‘ট্রাক’ নিয়েই নির্বাচনে অংশ নেবেন।
এদিকে, মাত্র দুটি আসনে সমঝোতা হওয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক কেন্দ্রীয় নেতা জানান, বিএনপির সঙ্গে আলোচনায় নেতাকর্মীরা আরও বেশি আসনে ছাড় আশা করেছিলেন। কিন্তু বাস্তবে মাত্র দুটি আসনে সমঝোতা হওয়ায় অনেকেই হতাশ হয়েছেন।
সূত্র জানায়, এই দুই আসনের বাইরে গণ অধিকার পরিষদের নেতারা দেশের বিভিন্ন আসনে নিজস্ব প্রতীক ‘ট্রাক’ নিয়ে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিষয়টি নিশ্চিত করে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও মিডিয়া সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপির সঙ্গে বৈঠকে তারা মোট ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন। তবে বিএনপির পক্ষ থেকে আপাতত দুটি আসনে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এই সমঝোতা এখনও চূড়ান্ত নয়। সোমবার দলের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে, পটুয়াখালী-৩ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং এ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী। এলাকায় তাঁর উল্লেখযোগ্য জনপ্রিয়তাও রয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) তাঁর মনোনয়ন ফরম সংগ্রহ করার কথা রয়েছে।