পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি এ নির্বাচনী এলাকার জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন—
“আসসালামু আলাইকুম। পটুয়াখালী-৩ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি, ইনশাআল্লাহ। গলাচিপা–দশমিনা নির্বাচনী এলাকার জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদে যাওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে আসন সমঝোতায় পৌঁছেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সমঝোতার অংশ হিসেবে পটুয়াখালী-৩ আসনকে গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে ছেড়ে দেওয়া হবে এমনটাই জানা গেছে।
অন্যদিকে, একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং এ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী। স্থানীয় পর্যায়ে তাঁর উল্লেখযোগ্য জনপ্রিয়তাও রয়েছে বলে জানা গেছে।