আবু বক্কর সিদ্দিক, কক্সবাজার উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পৃথক দুটি স্থানে মরহুমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টায় উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সাধারণ মানুষের অংশগ্রহণের সুবিধার্থে বিকেল ৩টায় উপজেলার ব্যস্ততম কোটবাজার স্টেশনে দ্বিতীয় দফায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপস্থিত জনতা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
জানাজা-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল বলেন, “শরীফ ওসমান বিন হাদি ছিলেন একজন সাহসী ও আদর্শবান সংগঠক। সমাজ সংস্কারে তার ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।”
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী তার বক্তব্যে বলেন, “ওসমান হাদির অকাল মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে তিনি দেশের কল্যাণে নিবেদিত ছিলেন। তার মতো দেশপ্রেমিক সংগঠক বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজন ছিল।”
গায়েবানা জানাজাকে কেন্দ্র করে উখিয়া থানা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ জানান, পুলিশি সতর্কতায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে জানাজা সম্পন্ন হয়েছে এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উখিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের আবহ সৃষ্টি হয়। জানাজায় অংশগ্রহণকারীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।