সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতাকে (৬৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে বিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন।
সেখানে উল্লেখ করা হয়েছে, দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন–২ এর অংশ হিসেবে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত পৌনে ২টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫)-কে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত আসামি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ বণ্টন এবং নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন।
এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং আন্দোলন চলাকালে সংঘটিত হামলার সাথে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
পলাতক ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছিলেন মর্মে তথ্য রয়েছে।
তার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় এবং ঢাকার থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানানো হয়।