আবু বক্কর সিদ্দিক, কক্সবাজার উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে পাহাড়ে কৃষিকাজ করার সময় পাহাড়ি সন্ত্রাসীদের হাতে এক যুবক অপহরণের শিকার হয়েছেন। একই ঘটনায় অপহরণচেষ্টার মুখে পড়ে এক বৃদ্ধ দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত যুবকের নাম সংকুচিং (৩৫)। তিনি বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া এলাকার বাসিন্দা। একই এলাকার এবাদুল্লাহ (৬০) নামের এক বৃদ্ধ অপহরণচেষ্টা থেকে পালিয়ে আসতে সক্ষম হন।
পালিয়ে আসা এবাদুল্লাহ জানান, পাহাড়ে কৃষিকাজ করার সময় হঠাৎ ২০ থেকে ৩০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা সংকুচিংকে জোরপূর্বক ধরে নিয়ে যায়।
পরে তাকেও অপহরণের চেষ্টা করা হলে তিনি দৌড়ে পালিয়ে যান। পালানোর সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে বলেও দাবি করেন তিনি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।