সাইফুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরের ১১নং ডালবুগঞ্জ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি হতদরিদ্র পরিবার মুহূর্তেই সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
আজ শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ৩ নং ওয়ার্ডের পেয়ারপুর গ্রামে মোসাঃ ছেতারা বেগমের বাড়িতে এই মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই ছেতারা বেগমের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘর দাউদাউ করে জ্বলে ওঠে। গ্রামবাসী চেষ্টা করেও আগুনের তীব্রতার কারণে আসবাবপত্র, খাদ্যশস্য, পোশাক, নথিপত্রসহ ঘরের সমস্ত সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আলাউদ্দিন গাজী। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়দের সঙ্গে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তার এই মানবিক উদ্যোগ ও সাহসিকতা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
ধ্বংসস্তূপের পাশেই আহাজারি করছিলেন ছেতারা বেগম। তাদের অসহায় দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে মেম্বার আলাউদ্দিন গাজী বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। তারা মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়েছে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এই পরিবারটি আবার ঘুরে দাঁড়াতে পারবে। মানুষের জন্য মানুষ—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
বর্তমানে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া পরিবারটি সমাজের মানবিক মানুষের দিকে চেয়ে আছে। স্থানীয়রাও পেয়ারপুরের এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।